তানজানিয়ার উত্তরাঞ্চলের কিলিমাঞ্জারো অঞ্চলের মোশি জেলায় যাত্রীবাহী একটি বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর। দুর্ঘটনায় পুড়ে যাওয়া মরদেহগুলোর বেশিরভাগ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, চলন্ত বাসটির একটি টায়ার হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে সেটি একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরপরই ভয়াবহ আগুন ধরে যায় দুটি গাড়িতে।
জমকালো আয়োজনে বিয়ে করলেন জেফ বেজোস
রোববার (২৯ জুন) রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মৃত ৩৮ জনের মধ্যে দুজন নারী রয়েছেন। আগুনে পুড়ে যাওয়া ৩৬টি মরদেহ এতটাই বিকৃত যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহত ২৮ জনের মধ্যে ৬ জনকে এখনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সড়কে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান।
মন্তব্য করুন