ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতা আনোয়ার পাশা নিপুর বিরুদ্ধে দলীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্রচার-প্রচারণায় তিনি নিজেকে “রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি” হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে দলীয় সূত্র দাবি করেছে, তিনি কখনোই ওই পদে দায়িত্ব পালন করেননি। যদিও তিনি রাজাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনোয়ার পাশা নিপু বিভিন্ন দলীয় কর্মসূচি ও প্রচারণায় ছাত্রদলের সাবেক সভাপতি পরিচয় ব্যবহার করে আসছেন। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে দলীয় পরিচয়ের অপব্যবহার বলেও মন্তব্য করছেন।
রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন বলেন, “একসময় আনোয়ার পাশা নিপুকে সভাপতি হিসেবে প্রস্তাব করে একটি কমিটি ঝালকাঠি জেলা ছাত্রদলে পাঠানো হয়েছিল। কিন্তু জেলা ছাত্রদল সেই কমিটির অনুমোদন দেয়নি। ফলে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেননি।”
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও একই তথ্য নিশ্চিত করে বলেন, “দলীয় রেকর্ডে আনোয়ার পাশা নিপুর নাম সাবেক সভাপতি হিসেবে নেই এবং তিনি ওই দায়িত্ব পালনও করেননি।”
তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আনোয়ার পাশা নিপু রাজাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ বিষয়ে আনোয়ার পাশা নিপুর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একটু পরে কথা বলছি।” তবে পরবর্তীতে তিনি আর কোনো বক্তব্য দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক নেতা বলেন, যাচাই-বাছাই ছাড়া দলীয় পদবি ব্যবহার সংগঠনের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন