গাজামুখী মানবিক মিশনে যোগ দিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
আজ বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশি একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি—আমাদের ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। এই বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ সহায়তায় ঘটছে। আমি আমার সহকর্মী, বন্ধু এবং বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, যেন তারা ফিলিস্তিনের মুক্তির দাবিতে সংগ্রাম চালিয়ে যান।”
তিনি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর (এফএফসি) উদ্যোগে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করা ‘কনশানস’ নামের জাহাজে ছিলেন। জাহাজটিতে আন্তর্জাতিক সাংবাদিক, মানবাধিকারকর্মী ও চিকিৎসা পেশাজীবীরাও অংশ নিয়েছিলেন।
মন্তব্য করুন