সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হয়েছিলো।
শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোন প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন