রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা এবং মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরোধের ফলে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মত অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
দুই পক্ষের এই দ্বন্দ্বের মুখে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এমন সিদ্ধান্ত জানান জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাকে আওয়ামী দোসর আখ্যায়িত করে একটিপক্ষ মাঠে নেমেছে।
মোতালেব হোসেন তার ফেসবুকে লিখেছেন, ‘এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই ইমরান ইমন। আমরা দেখেছি, এই এমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোন ভ্রুক্ষেপ নাই।’
মোতালেব হোসেন যোগ করেন, ‘তার মানে এর সাথে খোদ সারজিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।’
মন্তব্য করুন