আবারো সীমান্ত সংঘর্ষে জড়াল আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার গভীর রাতে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদিও কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরার।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে তাদের কান্দাহার প্রদেশের বোলদাকে হামলা চালায়। জবাবে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের সেনারা প্রথমে চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে’ গুলি ছুড়েছে।
সাম্প্রতিক সময় এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, “আমাদের বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে। দেশের সীমানা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।”
এর মাত্র দুই দিন আগে সৌদি আরবের জেদ্দায় শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল। বৈঠকে বড় কোনো অগ্রগতি না এলেও দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার অঙ্গীকার করেছিল। কিন্তু তার মধ্যেই রাতভর নতুন সংঘর্ষের ঘটনা ঘটল।
মন্তব্য করুন