মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু রয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে (জিএমটি ১৯:৩০) খোস্তের গুরবুজ জেলায় এ হামলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায়। এতে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছে। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। সেইসঙ্গে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করছেন তিনি। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।
মন্তব্য করুন