মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ব্যস্ততম বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তার আগে সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায়। এ দুটি ঘটনায়ও কেউ হতাহত হয়নি। এছাড়া সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন।
এদিকে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার। রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
মন্তব্য করুন