প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেয়ার কথা ছিলো তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি এখন সরকারের প্রধান অগ্রাধিকার। এ ব্যস্ততার মধ্যেই প্রধান উপদেষ্টার সৌদি সফর সম্ভব হচ্ছে না।
এদিকে প্রধান উপদেষ্টার পরিবর্তে বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য করুন