গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে নতুন করে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন অন্তত ১৪২ জন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম না থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত দুই বছরের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।
শুক্রবারও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে পাঁচজন নিহত এবং অন্তত ৩৩ জন আহত হন।
মন্তব্য করুন