আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদির হত্যাকারী কারা, সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন—এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না।
সংবাদ সম্মেলনে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার পাশাপাশি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও দাবি তুলে ধরা হয়।
ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, দেশের মানুষ আর শুধু রক্ত দেবে—এই সময় শেষ। যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হলে জনগণ নিজেরাই প্রতিরোধে নামতে বাধ্য হবে। একবার সহিংসতা শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সহজ হবে না।
সংবাদ সম্মেলন থেকে তিনি দ্রুত ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং স্পষ্ট করে বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।
মন্তব্য করুন